সারাদেশ
বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক ড্রাইভার আটক
বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট সহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বন্দরে নিযুক্ত আনসার বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। সে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিক এর ছেলে।
২০ টি পাসপোর্টে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এসময় আটক ড্রাইভার স্বীকার করে বলেন ভারতে বনগাঁ শহরের একটি কুরিয়া সার্ভিস থেকে পাসপোর্ট গুলো উঠিয়ে এনে বেনাপোল রাজ্জাক নামে এক ব্যক্তির নিকট দেওয়া হবে।এর বিনিময়ে সে পাবে ৩ হাজার টাকা।
বেনাপোল স্থলবন্দরের আনসার বাহিনীর পিসি এইচ এম হেলালউজজামান বলেন, গোপন সংবাদে জানতে পারি ভারতীয় এক ট্রাক ড্রাইভার বাংলাদেশি অনেকগুলো পাসপোর্ট যাতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে।এই পাসপোর্ট গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ড্রাইভারের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভিতর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।