সারাদেশ

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এক সপ্তাহে ১৪৬০ মেট্রিক টন চাল আমদানি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এক সপ্তাহে ১৪৬০ মেট্রিক টন চাল আমদানি
ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোল দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে পাঁচটি চালানে মোট ১৪৬০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) একদিনেই ১২টি ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (২৩ আগস্ট) ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন, রবিবার (২৪ আগস্ট) ৩টি ট্রাকে ১০৫ মেট্রিক টন, সোমবার (২৫ আগস্ট) দুটি চালানে ৬২০ মেট্রিক টন এবং বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ১২ ট্রাকে ৪২০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এতে এক সপ্তাহে মোট আমদানি হয়েছে ১৪৬০ মেট্রিক টন।

আমদানিকারকরা বলেন, দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে বড় আকারের চাল আমদানি শুরু করেছে। এর ফলে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমে আসার আশা করা হচ্ছে। গনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বিভিন্ন চালান বন্দর দিয়ে প্রবেশ করছে এবং পণ্য ছাড়করণের কাজ করছেন ভূইয়া এন্টারপ্রাইজ ও কাবেরী এন্টারপ্রাইজ নামের দুই সিএন্ডএফ ব্যবসায়ী।

সিএন্ডএফ এজেন্টের প্রতিনিধি বাবলু রহমান জানান, আমদানিকৃত চালের ছাড়করণের জন্য কাস্টমসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চার মাস বন্ধ থাকার পর এবার বেনাপোল বন্দরে চাল আমদানি পুনরায় শুরু হওয়ায় বন্দরটি আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “আমদানিকৃত চাল দ্রুত ছাড়করণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল এই বন্দর দিয়ে শেষবার চাল আমদানি করা হয়েছিল।”