সারাদেশ
রিং পিট পদ্ধতিতে আখ চাষে নতুন দিগন্ত: দর্শনা কেরু চিনিকলে উদ্বোধন করলেন শিল্প সচিব
আখের উৎপাদন বৃদ্ধি ও চিনিকলগুলোর সক্ষমতা বাড়াতে চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি-তে রিং পিট পদ্ধতিতে আখ রোপণের কার্যক্রম উদ্বোধন করেছেন মোঃ ওবায়দুর রহমান, শিল্প সচিব।
সম্প্রতি দর্শনা কেরু চিনিকলের আকন্দবাড়ীয়া পরীক্ষামূলক খামারে এই আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ রোপণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, আখের চাষ কম হওয়ায় দেশের অনেক চিনিকল পর্যাপ্ত সময় চালু রাখা যাচ্ছে না। এর ফলে চিনির উৎপাদনও প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। তিনি জানান, রিং পিট পদ্ধতিতে আখ চাষ করলে উৎপাদন খরচ কমবে এবং ফলন উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তিনি আরও বলেন, চিনিকলের নিজস্ব খামারসহ সাধারণ আখচাষীদের মাঝেও রিং পিট পদ্ধতিতে আখ চাষ সম্প্রসারণে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এতে করে চিনিকলগুলো পর্যাপ্ত আখ পাবে, মিলগুলোর কার্যক্রম দীর্ঘ সময় চলবে এবং সামগ্রিকভাবে দেশের চিনির উৎপাদন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ রশিদুল হাসান, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসানসহ কেরু চিনিকলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রিং পিট পদ্ধতির সফল বাস্তবায়নের মাধ্যমে আখ উৎপাদনে নতুন গতি আসবে এবং দেশের চিনিশিল্প আবারও তার সম্ভাবনাময় অবস্থানে ফিরে যেতে পারবে।