সারাদেশ
যশোরে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা
যশোরের চৌগাছায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জুয়েল আহমেদ রানা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল আহমেদ রানা ওই এলাকার ওয়াদুদ খন্দকার (ওদুদ) এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মুক্তদাহ মোড়ে প্রতিপক্ষের সঙ্গে জুয়েল রানার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে একই গ্রামের ইউসুফ, কাশেম, নজরম মেম্বারের ছেলে বাবু ও সুমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার দুই পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মায়া বেগম অভিযোগ করেন, হামলার সময় তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্বামীর ওপর হামলা চালানো হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোবাশ্বের হোসেন জানান, হাসপাতালে আনার আগেই জুয়েল রানার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।