সারাদেশ

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে পুষ্পস্তবক ও দোয়া


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:২৯ পিএম

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে পুষ্পস্তবক ও দোয়া
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে পুষ্পস্তবক ও দোয়া। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের শহীদ হাসান চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। প্রথমে জেলা প্রশাসক লুৎফুন নাহারের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর চুয়াডাঙ্গা প্রেসক্লাব, চুয়াডাঙ্গা পৌরসভা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, জুলাই যোদ্ধারা, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেট মসজিদের পেশ ইমাম কবীর আহমেদ।

পরে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।