সারাদেশ
যশোরে পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই সহোদর বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- জামদিয়া গ্রামের নেছার আলীর মেয়ে লামিয়া (১৩) ও সুলতানা (১১) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের দাদি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পুকুরে গিয়ে সিঁড়ির নিচে শিশুদের ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, পুকুরটিতে সাধারণত খুব কম মানুষ গোসল করতে যায় এবং যারা যায়, তারা দ্রুত ফিরে আসে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।