সারাদেশ

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সঙ্গীতা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা থামাতে এগিয়ে যান জাকারিয়া।

এ সময় ওই ব্যক্তি জাকারিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাছুম বিল্লাহ শাহীন জানান, চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।