সারাদেশ

ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে ঝলসে দিল আ. লীগ নেতার ছেলে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পিএম

ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে ঝলসে দিল আ. লীগ নেতার ছেলে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামানসহ তিনজনকে ফুটন্ত পানি নিক্ষেপে দগ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে সুলতানের বিরুদ্ধে।

শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

দগ্ধ অন্য দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করেন, শনিবার রাতে স্থানীয় কয়েকজনের সঙ্গে পুকুরপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। এ সময় আওয়ামী লীগ কর্মী সুলতান মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশ থেকে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ছুড়ে মারেন।

তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। এতে তিনজনই দগ্ধ হন। ঘটনার পর সুলতান পালিয়ে যান বলে অভিযোগ করেন হাসানুজ্জামান।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।