সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:০২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে বুধবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় তারা ছাত্রদলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।

ছাত্রদলে যোগদানের বিষয়ে মাশরাফি মর্তুজা বলেন, "আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়। কিন্তু আদর্শিকভাবে আমি ছাত্রদলের প্রতি অনুপ্রাণিত হয়ে আমার অনুসারীদের নিয়ে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।" যদিও তিনি পদত্যাগের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি।

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ বলেন, "এই যোগদানের মাধ্যমে কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও দৃঢ় ও গতিশীল হবে। আমরা সবাইকে নিয়ে আগামীর গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে যেতে চাই।"