সারাদেশ

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: জ্বালানি উপদেষ্টা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৭:২৯ পিএম

এমন কাউকে নির্বাচিত করবেন না যাকে পালিয়ে যেতে হয়: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জনগণ যেন এমন কাউকে নির্বাচিত করে, যিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন না। বরং তিনি যেন জনসেবায় থেকে উন্নয়ন প্রকল্পে সঠিকভাবে অর্থ ব্যয় করেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় “জামালপুর-১ অনুসন্ধান কূপ” খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “আপনারা এমন কাউকে নির্বাচিত করবেন, যিনি দেশের উন্নয়নে কাজ করবেন, জনগণের টাকায় গড়া প্রকল্পে সঠিকভাবে অর্থ ব্যয় করবেন। এমন কাউকে নয়, যিনি অপকর্ম করে পালিয়ে যান। তিনি যেন এখানেই থাকেন, জবাবদিহি করেন—এমন প্রতিনিধির প্রয়োজন।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আশা করি, আমরা একটি সফল, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারব। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন—স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে হবে। এমন নির্বাচন, যেখানে ভোটার ভোট দিতে পারবেন, প্রার্থীদের এজেন্ট থাকবে, এবং ভোট গণনা হবে উন্মুক্তভাবে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো দলের পক্ষে না। জনগণ যাকে নির্বাচিত করবে, আমরা তাকেই স্বাগত জানাব। তবে যদি আমরা এই নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারি, তবে ভবিষ্যৎ আমাদের জন্য কঠিন হয়ে যাবে।”

অনুসন্ধান কূপ খনন কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এখানে যে গ্যাস রয়েছে, সেটা আগে কেউ জানত না। এখন আমরা প্রাথমিকভাবে প্রতিদিন পাঁচ মিলিয়ন ঘনফুট (৫ এমএমসিএফডি) গ্যাসের সন্ধান পেয়েছি। এখান থেকে তিন কিলোমিটার দূরে আরেকটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আরও উন্নত প্রযুক্তির টু-ডি ও থ্রি-ডি সিসমিক সার্ভে চালিয়ে গ্যাসের প্রকৃত মজুত নিশ্চিত করা হবে।”

তিনি জানান, এখানকার গ্যাস অপচয় না করে একটি মোবাইল প্রসেসিং প্ল্যান্ট আনার পরিকল্পনা রয়েছে। কারণ, কূপ থেকে প্রাপ্ত গ্যাস সরাসরি ব্যবহারযোগ্য নয়। প্রথমে সেটিকে প্রক্রিয়াজাত করতে হয়। তিনি বলেন, “যেহেতু এখানে বড় কোনো স্থায়ী অবকাঠামো বিনিয়োগ হচ্ছে না, তাই মোবাইল প্ল্যান্ট থেকেই গ্যাস প্রসেস করে স্থানীয় শিল্পখাতে ব্যবহারের ব্যবস্থা করা হবে।”

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভাও করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

প্রসঙ্গত, ১৯৮০ সালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকায় গ্যাসের সম্ভাবনার প্রথম তথ্য পায় বাপেক্স। এরপর ২০১৪-১৫ অর্থবছরে প্রাথমিক উপাত্ত সংগ্রহ ও ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে করা হয়। সেই উপাত্ত বিশ্লেষণ করে বাপেক্স ১৬৮ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করে।