সারাদেশ

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. জাহাঙ্গীর আহমেদ (৫৭) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি চলতি বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় কলেজ শিক্ষার্থী শহীদ রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কলেজ রোডের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাইয়ের গণআন্দোলনের পর থেকেই জাহাঙ্গীর আহমেদ আত্মগোপনে ছিলেন। সাগর হত্যা মামলার এজাহারে তার নাম সরাসরি অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, মামলাটির বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জাহাঙ্গীর আহমেদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।