সারাদেশ

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

ময়মনসিংহের ভালুকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার রাতে ভালুকায় সনাতন ধর্মাবলম্বী দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কাজের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার জের ধরে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিপু চন্দ্র দাস উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার লিংকিং সেকশনে কর্মরত ছিলেন। ঘটনার রাতে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন কারখানার গেটে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কারখানার নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে বের করে দেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা মরদেহ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেয় এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।