সারাদেশ
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাছতলায় আশ্রয়, সেই গাছ ভেঙে পড়েই প্রাণ গেল বৃদ্ধার
তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির জন্য বাড়ির পাশের গাছের নিচে বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু হঠাৎ সেই গাছটি ভেঙে তার ওপর পড়লে মর্মান্তিক মৃত্যু হয় বৃদ্ধার।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিরন ওই এলাকার মৃত গোলাপের স্ত্রী।
স্বজনেরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন সমিরন। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই আকস্মিকভাবে গাছটি ভেঙে তার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম কানন জানান, তীব্র লোডশেডিংয়ের কারণে স্বস্তি পেতে গাছের নিচে বসেছিলেন বৃদ্ধা। হঠাৎ গাছটি ভেঙে তার ওপর পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।