সারাদেশ
বিরামপুরে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সদস্য গ্রেফতার
দিনাজপুরের বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থক আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর গ্রামের মোফাজ্জলের ছেলে ও পৌর যুবলীগের সদস্য মাসুদুর রহমান (৫২)।
সোমবার (৭ জুলাই) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত মধ্যরাতে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে পূর্বে দায়ের হওয়া একটি হত্যা মামলার সংশ্লিষ্টতায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২২ সালের ৫ জানুয়ারি বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হাইস্কুল মাঠে সংঘটিত এক মারামারির ঘটনায় রশিদুল নামের একজন ব্যক্তি মারা যান। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এই মামলায় মাসুদুর রহমান এজাহারভুক্ত আসামি এবং আব্দুল মালেক মন্ডল সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন। এর ভিত্তিতে সোমবার গভীর রাতে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, “পূর্বের রুজুকৃত একটি হত্যা মামলায় একজন নামীয় আসামি ও একজন সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।”