সারাদেশ
বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন: টুকু
বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (২৩ জুলাই) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নির্দেশে বিএনপি ও শুভ সংগঠনের নেতাকর্মীরা বিমান দুর্ঘটনার পর উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। দেশের মানুষ সকলেই যখন শোকাহত। তখন একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের দোসররা এটাকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে।
বিএনপির কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। স্কুলে বিমান দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দুর্বলতা ফুটে উঠেছে।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, ভিপি নুরুল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।