সারাদেশ

১৪ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

১৪ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী  ১১ আগষ্ট জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বায়েজিদ হোসেন পলাশ জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর ও নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণার বিষয়টি জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে রাজশাহী বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন। সভায় আলোচনার ভিত্তিতে আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপি ও ১১ আগস্ট নওগাঁ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এই দুই সম্মেলন বাস্তবায়নের জন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১ সালে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে কাউন্সিলের মধ্য দিয়ে সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান সভাপতি এবং জাহিদুল ইসলাম ধলু সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। ২০১৫ সালের ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর আর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

এদিকে সম্মেলন আয়োজনের খবরে কর্মী ও সমর্থকেরা চাঙা হয়ে উঠেছেন। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলো কারা পাচ্ছেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা।