সারাদেশ

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির, চলছে তল্লাশি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:২৯ পিএম

সুন্দরবনে জেলেকে ধরে নিয়ে গেলো কুমির, চলছে তল্লাশি
ছবি: সংগৃহীত

সুন্দরবনের করমজল খাল থেকে এক জেলেকে কুমির ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় জেলে সুব্রত মণ্ডল (৩২) কাঁকড়া ধরার সময় এই দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর থেকেই সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালেই সুব্রত মণ্ডল কাঁকড়া ধরতে সুন্দরবনের করমজল খালে গিয়েছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে খাল পার হচ্ছিলেন তিনি, তখন হঠাৎ একটি কুমির তার ওপর আক্রমণ চালায়। কুমিরটি সুব্রতকে কামড়ে ধরে পানিতে ডুবিয়ে নিয়ে যায়।

সঙ্গে থাকা অন্যান্য জেলে—সোহেল বিশ্বাস, জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস—মিলে কুমিরের মুখ থেকে সুব্রতকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তারা বন বিভাগ ও সুব্রতের পরিবারকে খবর দেন।

ঘটনাস্থলে উপস্থিত ইস্রাফিল বয়াতি জানান, সন্ধ্যার আগ মুহূর্তে তারা কুমিরের মুখে সুব্রতকে দেখতে পান। তবে কুমিরটি তাকে খেয়ে ফেলে নি; বরং মুখে নিয়ে খালে ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে রাত হওয়ায় তারা আলোর ব্যবস্থা নিয়ে তল্লাশি চালাচ্ছেন। ভাটার সময় খালের পানি নামায় তল্লাশি আরও কঠোরভাবে চালানো হচ্ছে।

ইস্রাফিল বয়াতি আরও বলেন, সুব্রত পূর্ব ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। তিনি কাঁকড়া ধরেই জীবিকা নির্বাহ করতেন এবং বন বিভাগের কাছ থেকে বৈধ কাঁকড়া ধরার পাস নিয়েই সুন্দরবনে গিয়েছিলেন। আমাদের দাবি, সুব্রতের পরিবার যেন বন বিভাগের কাছ থেকে যথাযথ সহযোগিতা পান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, “যেসব জেলে বৈধ পাস নিয়ে বনে গিয়ে বাঘ বা কুমিরের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারান, তাদের সরকারি অনুদান প্রদান করা হয়। পাস ছাড়া কেউ নিহত হলে তাদের সহায়তা দেওয়া হয় না।”

ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এবং বন বিভাগের তত্ত্বাবধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সুব্রতকে উদ্ধার করা সম্ভব হবে।