সারাদেশ
ভারত থেকে বেনাপোল দিয়ে আনা হলো ১২৫ মেট্রিক টন বিস্ফোরক
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কার্যক্রমের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল স্থলবন্দর হয়ে ৮টি ট্রাকে করে বিস্ফোরণের চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
বিস্ফোরক দ্রব্যের এই চালানটি আমদানি করেছেন বাংলাদেশের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। যার রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার সিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। সংশ্লিষ্ট কাগজপত্র অনুযায়ী এটি শিল্পকারখানার কাজে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন রেজা জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আনা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, পণ্য চালানটি খালাসের জন্য কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করবেন আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ প্রতিনিধি। কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে বিস্ফোরক দ্রব্যের চালানটি দিনাজপুরে পাঠানো হবে।