সারাদেশ
আওয়ামী লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) রাতে সদর উপজেলার তাঁতীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচিত পলাশ খানের নেতৃত্বে কয়েকজন মিলে কাবির মোল্লার ওপর হামলা চালায়। তিনি কাজ শেষে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নামার পরপরই হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহত কাবির মোল্লা অভিযোগ করে বলেন, “অটো থেকে নামার সঙ্গে সঙ্গে পলাশ খানসহ কয়েকজন আমার ওপর হামলা চালায়। আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আমি এ ঘটনার বিচার চাই।”
এ ঘটনায় মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব অহিদ খান বলেন, এটি পরিকল্পিত হামলা। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত পলাশ খানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।