সারাদেশ
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেটম্যান গ্রেফতার
কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। তিনি জানান, মামলার অপর আসামি মেহেদী হাসানকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় র্যাব-১১ সিপিসি-২ হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার রেলক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার লাকসাম রেলওয়ে থানায় রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা করা হয়েছে।
এদিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীন বলেন, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু, ৩০৪ ‘ক’ ধারার আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে মামলা করেন। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।