সারাদেশ

চুয়াডাঙ্গায় মাজার খুলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ পিএম

চুয়াডাঙ্গায় মাজার খুলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে একদিল শাহ নামক পীরের একটি ভুয়া মাজার প্রতিষ্ঠা করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী বাগান মালিক বাহালুল হক।

কথিত মাজার পূজারীদের অব্যাহত হুমকির প্রতিবাদে গ্রামবাসীর পক্ষে একটি সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে বাহালুল হক জানান, দামুড়হুদার শিবনগর এলাকায় তাদের পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া ১৮ বিঘা জমিতে একটি বড় আম ও কাঠের বাগান রয়েছে। গত ৯ মার্চ একদল দুর্বৃত্ত অনধিকার প্রবেশ করে মেহগনি, লম্বু ও আমগাছসহ প্রায় ১১০টি গাছ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক ১১ লাখ ২৮ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এই ঘটনায় গত ৯ মার্চ দামুড়হুদা মডেল থানায় করিমুজ্জামান মিঠু ও বকুল শেখসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে আসামিরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে বাহালুল হককে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে তিনি প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জমিটি দখলের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে ‘একদিল শাহ’ নামক পীরের একটি ভুয়া মাজারের প্রচারণা চালাচ্ছে। অথচ প্রকৃত মাজারটি আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর ও বেতবাড়িয়া গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত। গত ২০ বছরে প্রভাবশালী মহলের ইন্ধনে বাহালুল হকের বিরুদ্ধে ২০টিরও বেশি মিথ্যা মামলা করা হয়েছে, যেগুলোর প্রতিটিতেই তিনি আদালত থেকে খালাস পেয়েছেন।

সংবাদ সম্মেলনে বাগান মালিকের পরিবারের সদস্য ও গ্রামবাসীর পক্ষে আব্দুর রউফ, আল-আমিন, হায়াত আলী, আব্দুল হাকিম, সরোয়ার হোসেন ও বাবর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা এই পরিকল্পিত লুটপাট ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।