সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে ২২ কেজি ওজনের কোরাল, ক্রেতাদের ভিড়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

কুয়াকাটায় জেলের জালে ২২ কেজি ওজনের কোরাল, ক্রেতাদের ভিড়
ছবি: ঢাকাপ্রকাশ

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মাছবাজারে দেখা মিলেছে বিশাল আকৃতির একটি কোরাল মাছের। মাছটি ধরা পড়ে সুন্দরবন এলাকার গভীর সমুদ্রে জেলে ফারুক মাঝির জালে।

বুধবার (১ এপ্রিল) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য বাজারে নিয়ে আসা হলে তা এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়। মাছটির ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম এবং নিলামের মাধ্যমে প্রতি কেজি ১,৩৫০ টাকা দরে মোট ৩০,৬৪৫ টাকায় বিক্রি হয়।

জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল ফেলার সময় তিনি এই বড় কোরাল মাছটি পান।

কুয়াকাটা মাছবাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর খান বলেন, বড় সাইজের মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে, তাই এমন মাছ ভালো দামে বিক্রি করাও সম্ভব।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা যথাযথভাবে মানার ফলে এ ধরনের বড় মাছ ধরা পড়ছে, যা উপকূলের জেলেদের জন্য ইতিবাচক সংকেত।