সারাদেশ

পটুয়াখালীতে ট্রলারভর্তি ৩১ ব্যারেল তেল জব্দ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

পটুয়াখালীতে ট্রলারভর্তি ৩১ ব্যারেল তেল জব্দ
ছবি: ঢাকাপ্রকাশ

সারাদেশে চলমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অবৈধভাবে তেল বিপণনের খবরে পটুয়াখালীর কলাপাড়ায় বড় ধরনের অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ৩১ ব্যারেল জ্বালানি তেল জব্দসহ একটি ফিলিং স্টেশন মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া উপজেলার ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সরকারি নিয়ম উপেক্ষা করে বিসমিল্লাহ ফিলিং স্টেশন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে স্থানান্তরের সময় স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে ৩১ ব্যারেল তেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের মধ্যে ১৫ ব্যারেল পেট্রোল এবং ১৬ ব্যারেল ডিজেল রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলাপাড়া থানার ওসিকে অবগত না করেই তেলের বড় চালানটি এক সাব-ডিলারের কাছে হস্তান্তরের চেষ্টা করছিল।

যদিও সংশ্লিষ্ট সাব-ডিলারের কাছে বৈধ বিস্ফোরক লাইসেন্স ছিল, তবুও তেল বিপণনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী অনিয়মের দায়ে ফিলিং স্টেশন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।