সারাদেশ

নাটোরের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

নাটোরের শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন
আব্দুর রহমান মোল্লা। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামের ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারানোর পরও আব্দুর রহমান হাল ছাড়েননি। তার ৬ বছর পর তিনি বড় ছেলেকে সঙ্গে নিয়ে হজ পালন করেন। দেশে ফিরে নিজের গ্রামে ৫ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের নামেই জমিটি রেজিস্ট্রি করেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

দৃষ্টিহীনতার কারণে মসজিদে যাতায়াত কিছুটা চ্যালেঞ্জিং হলেও আব্দুর রহমান তা জয় করতে সক্ষম হন। তার সন্তানরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ দিয়ে পথ তৈরি করেন। এরপর থেকে তিনি নিজে দড়ি ও বাঁশের সাহায্যে নিয়মিত মসজিদে যাতায়াত করতেন।

অন্যদিকে, তিনি বাঁশ ও দড়ি খুঁজে পেতে লাঠিও ব্যবহার করতেন। কয়েক দিনের অনুশীলনের পর আর কারও সাহায্য নেওয়ার প্রয়োজন পড়েনি। শতবর্ষী এই বৃদ্ধ নিজস্ব উদ্যোগে নিজ পথ অনুসরণ করতেন, যা স্থানীয়দের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।