সারাদেশ

জয়পুরহাটে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম

জয়পুরহাটে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের (শিশু) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একই গ্রামের বাসিন্দা মো. এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা স্থানীয় মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়িতে ফিরে দুই ভাই তাদের বন্ধুদের সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা তাদের চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে জানায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং কিছু সময় পর দুই ভাইকে পানির নিচ থেকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।