সারাদেশ

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি ৩ যাত্রী


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:৩২ পিএম

বেনাপোল এক্সপ্রেসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব হারিয়ে হাসপাতালে ভর্তি ৩ যাত্রী
ছবি: ঢাকাপ্রকাশ

যশোরের বেনাপোল রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে অজ্ঞান পার্টি চক্রের সদস্যরা।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৯টার দিকে আহতদের উদ্ধার করে রেল পুলিশ।

বেনাপোল রেল স্টেশন মাস্টার পারভিনা খাতুন ও স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে বেনাপোলগামী ‘বেনাপোল এক্সপ্রেসে’ মো. আব্দুল্লাহ আল মামুন, চসারুর রহমানসহ আরও একজন অজ্ঞাত ব্যক্তি যাত্রা করছিলেন। পথিমধ্যে কোনো এক সময় তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন।

পরে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছালে সহযাত্রীরা তাদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে বেনাপোল পোর্ট থানায় খবর দেন। খবর পেয়ে রেল পুলিশ ও পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাভারণ শাখায় ভর্তি করেন।
তাদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আব্দুস সাত্তারের পুত্র আসানুর রহমান এবং আব্দুর রহমানের পুত্র মো. আব্দুল্লাহ আল মামুনের কিছুটা জ্ঞান ফিরেছে। তবে অপর একজন এখনও অচেতন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।