সারাদেশ
ভারত থেকে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতা জারি
সীমান্ত পথে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয় লাভের পর সেখানকার বসবাসরত মুসলমানদের বাংলাদেশে পুশইন করা হতে পারে—এমন আশঙ্কায় সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিশেষ করে বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট—রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলোট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল জোরদারের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে। বিজিবির বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।”