সারাদেশ

শেরপুরে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১২:১১ পিএম

শেরপুরে চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল
ছবি: সংগৃহীত

শেরপুরে টানা পাহাড়ি ঢলের প্রভাবে চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার ফসলি জমি পানির নিচে চলে গেছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৩ মে) জেলার নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় চেল্লাখালি নদীর প্রায় ১৫০ মিটার বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার পর আশপাশের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলের মাঠ।

এদিকে, শেরপুরের মহারশি, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সীমান্তঘেঁষা ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি এলাকায় এখনও বোরো ধান কাটা শেষ হয়নি। কৃষকদের আশঙ্কা, নদীর পানি আরও বাড়লে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে।

স্থানীয় কৃষকেরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।