সারাদেশ

আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে: ইশরাক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম

আওয়ামী লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে: ইশরাক
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে। তাই এই দুই দলকে একই দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

বুধবার বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই। কিন্তু আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ফলে এ দুই রাজনৈতিক শক্তির বিষয়ে জনগণকে সতর্ক থাকা জরুরি।

মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তিনি বলেন, যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশ নেননি কিংবা যাদের বয়স তখন খুব কম ছিল, তাদেরও বিগত সরকারের সময়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শব্দটি শুনলে তিনি কষ্ট পান বলেও উল্লেখ করেন।

স্বাধীনতাবিরোধী শক্তির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত বছরের ৫ আগস্টের পর কিছু গোষ্ঠী মহান বিজয় দিবস ও স্বাধীনতার ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারা স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃত করা এবং দেশকে পাকিস্তানপন্থী ধারায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল সাধারণ মানুষের আন্দোলন। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তাদের সবারই এতে অবদান রয়েছে। বিএনপি কখনোই এই আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করেনি এবং ভবিষ্যতেও করবে না বলেও জানান তিনি।

সরকার পরিচালনার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রশাসনিক জটিলতা দূর করতে সময় প্রয়োজন। দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে হুমকি দিয়ে উৎখাত করা সম্ভব নয়। কেউ যদি এমন চিন্তা করে, তবে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলেও উল্লেখ করেন তিনি।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।