সারাদেশ
চুয়াডাঙ্গায় ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হযরত আলী আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
আজ সোমবার (০৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সুবদিয়া গ্রামের একটি মোবাইল টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সকালে চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সুবদিয়া এলাকায় অবস্থান নেন। গোপন সংবাদে খবর পেয়ে মহাসড়কের পাশে অভিযান চালান তারা।
এ সময় সন্দেহভাজন হিসেবে হযরত আলীকে থামানো হয়। পরে তার কাঁধে থাকা একটি কফি রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, উদ্ধার করা গাঁজা চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এই তৎপরতা সামনেও বজায় থাকবে বলে জানান তিনি।