সারাদেশ
সদরঘাট ট্র্যাজেডিতে প্রাণ হারানো সোহেল ফকিরের ঘরে জন্ম নিল পুত্রসন্তান
রাজধানীর সদরঘাটে মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারানো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ফকিরের পরিবারে এসেছে নতুন অতিথি। সম্প্রতি তার স্ত্রী একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। দীর্ঘদিনের শোক আর বেদনার মধ্যেও নবজাতকের আগমনে পরিবারে কিছুটা হলেও স্বস্তি ও আনন্দের ছোঁয়া লেগেছে।
গত মার্চ মাসে সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে সোহেল ফকির নিহত হন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং নিখোঁজ হন তার বাবা মিরাজ ফকির। পরে মিরাজ ফকিরের মরদেহ উদ্ধার করা হয়। ফলে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে যায় সোহেলের মা, স্ত্রী ও তিন বোন।
স্বজনরা জানান, ঈদ উদযাপন উপলক্ষে সোহেল ফকির ও তার স্ত্রী গ্রামের বাড়িতে ফিরছিলেন। কিন্তু সদরঘাটের সেই দুর্ঘটনা মুহূর্তেই তাদের জীবনের সব স্বপ্ন ভেঙে দেয়। তখন সোহেলের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনার কয়েক মাস পর সেই অনাগত সন্তানই এখন পৃথিবীর আলো দেখেছে।
নবজাতককে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ থাকলেও ফিরে আসছে এক গভীর আক্ষেপ জন্মের পর বাবা দেখতে পেলেন না তার সন্তানকে, আর সন্তানও কোনোদিন দেখতে পাবে না তার বাবাকে। এই বেদনাদায়ক বাস্তবতা এখনও নাড়িয়ে দিচ্ছে পরিবার ও এলাকাবাসীকে।
সোহেলের স্বজনরা বলেন, “আল্লাহ আমাদের কাছ থেকে সোহেলকে নিয়ে গেছেন, কিন্তু তার স্মৃতি হিসেবে এই সন্তানকে দিয়েছেন। আমরা চাই, ছেলেটি বড় হয়ে তার বাবার স্বপ্ন পূরণ করুক।”