সারাদেশ

পারিবারিক কলহের জেরে সীতাকুণ্ডে মসজিদের ভেতরে ইমামের আত্মহত্যা 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:১৩ এএম

পারিবারিক কলহের জেরে সীতাকুণ্ডে মসজিদের ভেতরে ইমামের আত্মহত্যা 
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস ও নিজ কক্ষে চিরকুট লিখে গেছেন তিনি।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, মঙ্গলবার আসরের নামাজে ইমাম সাহেব মুসল্লিদের ইমামতি করেছিলেন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তাকে আর দেখা যায়নি। আমরা মনে করেছিলাম, হয়তো ব্যক্তিগত প্রয়োজনে কোথাও গেছেন।

ইফতেকার আরও জানান, দীর্ঘ সময় পার হলেও তাকে না পেয়ে স্থানীয় মুসল্লিরা মসজিদের দ্বিতীয় তলায় তার ব্যক্তিগত কক্ষে খোঁজ করতে যান। গিয়ে দেখেন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালার ফাঁক দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখেন মুসল্লিরা। পাশে একটি মই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, মৃত্যুর আগে ইমাম আমির হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়’। এছাড়া তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে পারিবারিক কলহের কথা উল্লেখ রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।