সারাদেশ
গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩৫ কোটি ১৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর প্রকৌশলী ফয়জুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু এবং সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৪ লাখ ৯৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ১০ লাখ টাকা। ফলে মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা।
অন্যদিকে, রাজস্ব ও উন্নয়নসহ মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৮৬০ টাকা। এতে বাজেটে ১৯ হাজার ১৪০ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট অধিবেশনে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন্নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন ও পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন।