সারাদেশ
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল (কামারপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি মসজিদের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় পেছন দিক থেকে দিনাজপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক আমির হোসেন নিহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পিকআপের ভেতর থেকে নিহত চালকের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।