সারাদেশ
চট্টগ্রামের লবণ কারখানায় অগ্নিদগ্ধ ২ শ্রমিকের মৃত্যু, আশঙ্কাজনক আরও ৬
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. দিদার (৩২) ও নুরুল আলম (৩৫)।
নিহত দিদার বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদন আলী তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে। অপর নিহত নুরুল আলম পটিয়া উপজেলার হুলাইন এলাকার ইয়াছিন আউলিয়া মাজার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় দগ্ধ অন্যরা হলেন— উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলাকালে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।