সারাদেশ
আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবীর মাথায় পেপারওয়েট নিক্ষেপের ঘটনায় বিচারক প্রত্যাহার
গোপালগঞ্জ আদালতে নারী শিক্ষানবিশ আইনজীবীর মাথায় পেপারওয়েট নিক্ষেপের অভিযোগে অভিযুক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে অনতিবিলম্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষর করেন।
এর আগে বৃহস্পতিবার সকালে বিচারকের প্রত্যাহার এবং বিভাগীয় শাস্তির দাবিতে গোপালগঞ্জ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। তাদের দাবি ছিল, বিচারকের আচরণ বিচার বিভাগের মর্যাদার পরিপন্থী এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।
জানা যায়, বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ বিচার কার্যক্রম চলাকালে আদালতকক্ষের পেছনের বেঞ্চে আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষুব্ধ হন। অভিযোগ রয়েছে, তিনি তখন একটি কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন, যা গিয়ে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আইনজীবীর সিনিয়র এবং গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. জুলকদর রহমান বলেন, বিচারককে প্রত্যাহারের সিদ্ধান্তে আইনজীবীরা সন্তুষ্ট হলেও শুধু প্রত্যাহার যথেষ্ট নয়। এ ঘটনার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।