সারাদেশ
খুলনায় রেলস্টেশনে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে মো. ইমন নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৭ জুলাই) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে। একই দিন দুপুরে নগরীর লবণচরার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এক যুবককে গুলি করে এবং কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর ইসলাম জানান, স্থানীয়রা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ইমনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হত্যার কারণ এবং অপরাধীদের সম্পর্কে জানানো হবে।
এদিকে খুলনা নগরীর লবণচরায় গুরুতর আহত যুবক হলেন পার্শ্ববর্তী মাথাভাঙা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে আরিফ সিকদার।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন আরিফকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আরিফকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। এ বিষয়ে লবণচরা থানার এসআই তমা বিশ্বাস জানান, জড়িতদের শনাক্তে কাজ চলছে।