সারাদেশ
বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে
বিয়ের প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ২২ জুলাই ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় সাত বছর আগে স্বামী হারানো ওই নারীকে সন্তানসহ দেখাশোনা এবং বিয়ের আশ্বাস দেন অভিযুক্ত শহিদুল ইসলাম। অভিযোগ রয়েছে, গত ২৪ মার্চ পটুয়াখালী শহরের শেরে বাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে ওই নারীকে আটকে রেখে প্রথমবার ধর্ষণ করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে তাকে আরও একাধিকবার ধর্ষণ করা হয়।
এজাহারে আরও বলা হয়, এসব ঘটনার ফলে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ১৮ মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত করানো হয়।
এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, অভিযোগটি আদালতে বিচারাধীন। অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মামলার পর থেকেই অভিযুক্ত শহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।