সারাদেশ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ি পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহত জামাল উদ্দিন ইটাতলা গ্রামের জপো উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শালুকগালি পুকুরের পানি কমাতে বাড়ি থেকে বিদ্যুতের লাইন টেনে বরেন্দ্র পাম্পে সেট করেন জামাল উদ্দিন। সারারাত পাম্প চালিয়ে পানি কমলে সকালে তার ছেলে রাসেল (১১) পাম্পের লাইন খুলে দিতে পুকুরে নামে। এ সময় বাবা জামাল উদ্দিন পুকুরপাড়ে দাঁড়িয়েছিলেন। নামার পর রাসেল বাঁচাও বলে চিৎকার করলে জামাল উদ্দিন পুকুরে ঝাপিয়ে পড়েন।

এ সময় বরেন্দ্র পাম্পের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রাসেলকে ভর্তি করেন।     

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দিপেন্দ্রনার্থব এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি।