সারাদেশ
পেটে ৪ হাজার ১০০ ইয়াবা পাচারের প্রস্তুতিকালে আটক তরুণী
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার পেট থেকে পলিথিনে মোড়ানো ৬২টি প্যাকেটসহ মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেড থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিলা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ-বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।
পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেডে এক তরুণী পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে পানবাজার পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা সেখানে অভিযান চালান। পরে ব্লকের মাঝি ও হেডমাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল। এতে মোট ১ হাজার ইয়াবা উদ্ধার হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে শাকিলা জানান, তিনি আরও কয়েকটি প্যাকেট খেয়ে ফেলেছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে পলিথিনে মোড়ানো আরও ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।
পরে চিকিৎসকদের সহায়তায় কৌশলে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়। আগে উদ্ধার করা ২০টি প্যাকেটসহ মোট ৮২টি পলিথিনের প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসব ইয়াবা জব্দ তালিকাভুক্ত করা হয়।
এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে আটক তরুণীকে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক।
তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বিষয়টি এপিবিএনের কাছ থেকে জানতে পেরেছি। তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাকে থানায় সোপর্দ করা হয়নি। থানায় আনা হলে মামলা করে আদালতে পাঠানো হবে।