সারাদেশ

মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরে মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় বাবা মো. মুছাব্বর গাজীকে (৬০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. হোসেন গাজীকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ।

দণ্ডপ্রাপ্ত হোসেন গাজী চাঁদপুর সদর উপজেলার উত্তর ইচুলী গাজী বাড়ির মৃত মুছাব্বর গাজীর ছেলে। মামলার নথি অনুযায়ী, হোসেন মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া-বিবাদ ও মারধরে জড়াতেন। তাকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে ঢাকার একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও করানো হয়েছিল। তবে এতে কোনো সুফল মেলেনি।

২০১৮ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঘরে শুয়ে থাকা মুছাব্বর গাজীকে ধারালো দা দিয়ে মাথায় পরপর দুটি কোপ দেন হোসেন। গুরুতর আহত হয়ে বাবা শয্যা থেকে উঠতে গেলে তাকে আবারও কোপ দেওয়া হয়। এ সময় আত্মরক্ষার জন্য হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত মুছাব্বর গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় তার মৃত্যু হয়।

ঘটনার দিনই নিহতের বড় ছেলে মো. আলম গাজী (৪২) বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ছোট ভাই হোসেন গাজীকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে ১৭ নভেম্বর আদালতে সোপর্দ করে।

মামলাটি তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোমিনুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

মামলার বিচার চলাকালে আদালত রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামির অপরাধ স্বীকারের বিষয় বিবেচনায় নিয়ে আদালত হোসেন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।