সারাদেশ

মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল পুলিশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০৮ পিএম

মেয়ের বিয়ের বাজারের টাকা হারালো রাস্তায়, কুড়িয়ে পেয়ে ফেরত দিল পুলিশ
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকায় রাস্তায় পড়ে থাকা মেয়ের বিয়ের বাজারের ৫০ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে সদর ট্রাফিক পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে টাকা মালিক তাজুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, মেয়ের বিয়ের কেনাকাটার জন্য নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি মোড়ে আসেন তাজুল ইসলাম। অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করে চলে যাওয়ার সময় অসাবধানতাবশত তার সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ভর্তি ব্যাগটি রাস্তায় পড়ে যায়। বিষয়টি তখন তিনি বুঝতে পারেননি।

কাউতুলি এলাকায় দায়িত্ব পালনকালে সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নরুল আমিন ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগ খুলে ৫০ হাজার টাকা পাওয়া যায়। বিষয়টি তিনি ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমানকে জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়।

এদিকে টাকা হারানোর বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে আসেন তাজুল ইসলাম। পরে তার দেওয়া তথ্য ও প্রয়োজনীয় প্রমাণ যাচাই করে উদ্ধার হওয়া টাকা তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে তাজুল ইসলাম বলেন, মেয়ের বিয়ের বাজার করতে এসে অসাবধানতাবশত সব টাকা রাস্তায় পড়ে যায়। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারেন, একজন পুলিশ কর্মকর্তা তার টাকা পেয়েছেন।

তিনি বলেন, “পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে। তাদের কারণেই আমি বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। টাকা না পেলে মেয়ের বিয়ে দিতে অনেক কষ্ট হতো।”