সারাদেশ
শিক্ষার্থী আরাফাতকে বাঁচাতে পরিবারের আকুতি
পটুয়াখালীর কুয়াকাটায় আরাফাত (১৮) নামের এক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর চোখে শুধু বাঁচার আকুলতা। তাঁর পরিবারের একটাই আর্তনাদ—আপনারা আরাফাতকে বাঁচান।
কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে বিছানায় পড়ে আছেন আরাফাত। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে সর্বস্ব হারিয়েছে তাঁর পরিবার। দিনমজুর পিতা সারাদিন পরিশ্রম করেও এখন আর চিকিৎসার খরচ জোগাতে পারছেন না।
আরাফাতের পিতা লিটন ঢালী ও মাতা ফাতেমা বলেন, ‘আমি সারাজীবন দিনমজুরের কাজ করলেও কখনো কারও কাছে হাত পাতিনি। কিন্তু আজ আর পারছি না। ছেলেকে বাঁচাতে মানুষের কাছে হাত বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই।’
পরিবারে তাঁরা তিন ভাই। আরাফাতই বড় ছেলে। আরাফাত বরিশাল শিক্ষা বোর্ডের অধীন কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় আরাফাত পাঞ্জুপাড়ায় নিজের বাড়ির বিছানায় বিনা চিকিৎসায় পড়ে আছেন। তাঁর অবস্থা দিন দিন আরও অবনতি হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করলে তাঁকে আর বাঁচানো সম্ভব হবে না।
আরাফাতকে সহায়তার জন্য যোগাযোগ করুন: ফাজানা বেগম (মা): ০১৭৫৭১৬১৫৫৩