সারাদেশ

আন্দোলন করলে বিএনপি দুর্বল হবে, জামায়াত এমনটাই ভাবছে: এ্যানি


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

আন্দোলন করলে বিএনপি দুর্বল হবে, জামায়াত এমনটাই ভাবছে: এ্যানি
ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত মনে করছে আন্দোলন চালিয়ে গেলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এমনকি দলের নেতা, মন্ত্রী-এমপি ও তারেক রহমানও দুর্বল হয়ে পড়বেন বলে তারা মনে করছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফ আয়োজিত ব্রি-স্টং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনে আরেকটি পক্ষ অংশ নিলেও সরকার দায়িত্ব নেওয়ার সময় তারা উপস্থিত ছিল না এবং সরকারকে সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা আন্দোলনের কথা বলছে।

তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। দীর্ঘ সময়ের অত্যাচার-নির্যাতনে দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশ ও গণতন্ত্র রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জন সুরক্ষিত করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলাই মূল কাজ। এ জন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

জামায়াতের আন্দোলন কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, রোডমার্চ করছে এবং আন্দোলনের কথা বলছে। দেশ যদি সবসময় আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন কীভাবে হবে? আন্দোলন দেশের জন্য ক্ষতিকর।

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর করার আশাবাদ জানিয়ে এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, একই পরিবারের তিনজন দেশের দায়িত্বে ছিলেন—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি এবং একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। একই পরিবারের আরেকজন এখন প্রধানমন্ত্রী। এটি বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এ্যানি বলেন, এলাকায় মাদক থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।