সারাদেশ
বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলারডুবি, ১১ জেলে জীবিত উদ্ধার; নিখোঁজ ২
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামের ওই ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার। এর আগে মঙ্গলবার সকাল ৮টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই জেলে হলেন-তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) এবং নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকার হরমুজ আলী হাওলাদারের ছেলে মো. নবী হোসেন (৪৫)।
উদ্ধার হওয়া ১১ জেলের মধ্যে ছয়জন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। এছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চারজন এবং খুলনা জেলার একজন জেলে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার আল-আমীন ও গোলাম রাব্বির যৌথ মালিকানাধীন ‘এফবি জান্নাত-জুনায়েদ’ ট্রলারটি শনিবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে সোমবার সাগর উত্তাল হয়ে উঠলে জেলেরা উপকূলে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
মঙ্গলবার সকালে কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায় এবং একপর্যায়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেদের মধ্যে ১১ জন সাগরে ভেসে উঠে সাঁতরে নিরাপদে বের হতে সক্ষম হন।
পরে সাগরে মাছ ধরতে থাকা অন্য একটি ট্রলার ভাসতে থাকা জেলেদের দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ১১ জেলেকে নিয়ে ট্রলারটি নিরাপদে উপকূলে ফিরে আসে। তবে দুর্ঘটনার সময় কেবিনের ভেতরে থাকা দুই জেলে বের হতে না পারায় তারা নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের মালিক মো. আল-আমিন বলেন, প্রচণ্ড ঢেউয়ের আঘাতে হঠাৎ ট্রলারটি উল্টে যায়। ১১ জন সাঁতরে ট্রলার থেকে বের হতে পারলেও কেবিনের ভেতরে থাকা দুই জেলে আটকা পড়েন। পরে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে সাগর অত্যন্ত উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ ও উত্তাল আবহাওয়ার কারণেই ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া জেলেদেরও খোঁজখবর রাখা হচ্ছে।