সারাদেশ

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকস পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলার ও ট্রলিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গজনী সীমান্ত এলাকায় চোরাচালানের একটি চালান প্রবেশের তথ্য পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ভারতীয় কসমেটিকসের চালানসহ একটি পাওয়ার টিলার ও ট্রলি জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, জব্দ করা ভারতীয় কসমেটিকস, পাওয়ার টিলার ও ট্রলির আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।