সারাদেশ
রাজশাহীতে হত্যার প্রতিশোধে হত্যা, ৩ গ্রেপ্তার
রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে হত্যার প্রতিশোধ নিতে একজনকে হত্যা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি উপজেলার হোজা অনন্তকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
র্যাব-৫ এর সদর দপ্তর থেকে শুক্রবার (২৯ আগস্ট) জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন— জিয়াউর রহমান (৪৬), জয়নাল হক (৫৩) ও নজরুল ইসলাম (৬০)। তারা রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ মে ওই এলাকায় পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় হাসিবুর নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় ১৫ মে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী, যিনি গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন।
এরপর ১০ আগস্ট, ওয়াজেদ আলী তার ছেলের সঙ্গে হোজা বিল এলাকায় নিজের পান বরজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের ৩০–৩৫ জন ব্যক্তি লাঠি, লোহার রড, হাঁসুয়া ও রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও ওয়াজেদ আলী শেষ পর্যন্ত মারা যান। নিহতের স্ত্রী পরে এই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, ঘটনার তদন্তে এই তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার জন্য দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে এই তিনজনকে জেলহাজতে পাঠানো হয়।