সারাদেশ

ভ্যানের চাকায় পিষ্ট রাজহাঁস, ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষে প্রাণ গেল হাঁস মালিকের


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

ভ্যানের চাকায় পিষ্ট রাজহাঁস, ক্ষতিপূরণ নিয়ে সংঘর্ষে প্রাণ গেল হাঁস মালিকের
নিহত আব্দুল লতিফ। ছবি: ঢাকাপ্রকাশ

নওগাঁর বদলগাছীতে ক্ষতিপূরণ নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে। ভ্যানের চাকায় একটি রাজহাঁস পিষ্ট হওয়ার পর সংঘর্ষের একপর্যায়ে হাঁস মালিক আব্দুল লতিফ (৫০) নিহত হন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভ্যানচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে, বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামে। নিহত আব্দুল লতিফ পিন্ডিরা গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুল লতিফের বাড়ির সামনে রাস্তায় তার একটি রাজহাঁস ভ্যানের চাকায় পিষ্ট হয়। ভ্যানচালক সবুজ হোসেন (সোহাসা গ্রাম) তখন হাঁসটিকে জবাই করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাংস নিয়ে যান।

পরদিন (মঙ্গলবার) বেলা ১১টার দিকে সবুজ ভ্যান নিয়ে পুনরায় আসলে লতিফের ছেলে বাবু ক্ষতিপূরণ দাবি করেন। সবুজ একটি নতুন হাঁস কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাংসটি নিয়ে যান।

দুপুর ১টার পর সবুজ তার স্ত্রী, ভাই সাকিব ও বাবা-মাকে নিয়ে আবার হাজির হয়ে ক্ষতিপূরণ না দেওয়ার কথা জানিয়ে মাংসটি ফেরত দিতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

এই সময় সবুজের ভাই সাকিব হাঁস মালিক লতিফের বুকে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই ডাবলু বুধবার হোসেন বাদী হয়ে থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এবং অভিযুক্ত ভ্যানচালক সবুজসহ তার বাবা-মাকে গ্রেপ্তার করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”