সারাদেশ

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, শহরজুড়ে আতঙ্ক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫১ পিএম

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা, শহরজুড়ে আতঙ্ক
ছবি: সংগৃহীত

পাবনায় ছেলের সামনে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় তার মাদ্রাসা পড়ুয়া ছেলে ঘটনাস্থলেই উপস্থিত ছিল।

নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদরাসার একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে আসতে গিয়ে হামলার শিকার হন তিনি। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে প্রথমে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যার কারণ ও পেছনের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।