সারাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বগুড়ায় বিএনপি নেতাকে বহিষ্কার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বগুড়ায় বিএনপি নেতাকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে এক শিক্ষার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে বগুড়ায় বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য এবং শহর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

দলীয় সূত্রে জানা গেছে, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী। তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন।

এদিন দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সিফাত হোসেনের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার বাগ্‌বিতণ্ডা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেওয়া হয়।

তবে ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফারুক হোসেন বলেন, তাকে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। তার দাবি, বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও বলেন, তার ছেলে প্রাপ্তবয়স্ক এবং নিজস্ব রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কেবল ছেলের আন্দোলনে অংশগ্রহণের কারণে তাকে বহিষ্কার করা হলে, অন্য নেতাদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হওয়া উচিত।

ফারুক হোসেনের অভিযোগ, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় তাকে পরিকল্পিতভাবে দল থেকে সরানো হয়েছে।

অন্যদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই তাকে মহানগর ও জেলা উভয় পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।